মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় পুরোপুরি বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। প্রবল বর্ষণের ফলে জাহাজ চলাচলে বিঘ্নিত, অনেক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে। টানা বৃষ্টির ফলে সৃষ্ট এ যাবতকালের সবচেয়ে ভয়াবহতম বন্যায় অন্তত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভয়ঙ্কর এই দুর্যোগে ১১ হাজারের বেশি মানুষ ঘর ছেড়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এরই মধ্যে রাজধানী কুয়ালালামপুর ও সেলাঙ্গর রাজ্যে আটজন এবং পাহাং রাজ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টানা দু-তিন দিনের ভারী বর্ষণে পাহাড় জঙ্গল ঘেরা দেশটির বেশ কয়েকটি রাজ্যে তুমুল বন্যা দেখা দিলে পানির নিচে তলিয়ে যায় অনেক গ্রাম ও শহর।
কিন্তু বন্যার পানি ধীরে ধীরে সরতে শুরু করলেও এখনো কিছু অঞ্চলের জলাবদ্ধতা কমেনি। ভয়াবহ এ বন্যায় পানিবন্দি প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) এমন সংবাদ প্রকাশ করে এবারের বন্যাকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে মালয়েশিয়ার গণমাধ্যমগুলো।
এদিন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার তথ্যে জানা যায়, গত শুক্রবার (১৭ ডিসেম্বর) দেশটির ১৩টি প্রদেশের মধ্যে ৯টি প্রদেশেই ভয়াবহ বন্যার কবলে পড়ে। এতে যোগাযোগ ব্যবস্থা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য পাহাং থেকে এখনো পানি না সরায় রাজ্যের বাসিন্দারা বাড়িঘরে ফিরতে পারছে না। উদ্ধারকর্মীরা অব্যাহতভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
এ দিকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এ বন্যায় অন্যান্য প্রদেশের মধ্যে রাজধানী কুয়ালালামপুর ও সেলাঙ্গর প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের পরামর্শ দিয়েছেন।
এমনকি বন্যায় বেনতং প্রদেশে চারজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। এ দিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ধীরগতির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মালয়েশিয়া সরকার। আশ্রয়কেন্দ্রগুলোতে বহু লোকের গাদাগাদিতে আগামী দিনগুলোতে করোনার সংক্রমণ বাড়ারও আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রতি বছর অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত বর্ষার মৌসুমে মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক বন্যার প্রবণতা বৃদ্ধি পায়। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি।